মনে আছে? - জয়ন্ত

তোকে নিয়ে একটা মহাকাব্য লিখবো বলেছিলাম,
মনে আছে?
সে মহাকাব্যে থাকবে না কোন রাজ্য, 

থাকবে না কোন সিংহাসন,
কিংবা মুকুট।
মনে আছে? 

তবে রাজা-রানী , যুদ্ধ -বিগ্রহ থাকবে না তা কি বলেছিলাম নাকি!
তুই হয়ত বা ভাবছিস,

রাজ্য ছাড়া রাজা?
মগের মুল্লুক নাকি!
ইত্যাদি ইত্যাদি।

সব গল্পের রাজারা তো থাকে যুদ্ধে মত্ত,

সেটা অবশ্য দৃশ্যমান যুদ্ধ।
তলোয়ারের ধারে কাবু করে শত্রুকে।
তীর - ধনুকের রক্তিম খেলায় নিজের শরীর রাঙ্গায়।

আমার মহাকাব্যের রাজাটা নাহয় একটুখানি অন্যরকম হল।
রাজ্যটা যদি হয় রানীর হৃদয়,
মুকুটটা যদি হয় রাজা-রানীর প্রথম চুম্মন,
ওদিকে সিংহাসনটা নাহয় হলো প্রেম,
আর তলোয়ারটা যদি হয় প্রতিশ্রুতি,
তবে কি খুব একটা ক্ষতি হবে?


তোকে আমি আমার মহাকাব্যের নায়িকা বানাবো বলেছিলাম।
মনে আছে?
যে নায়িকার জন্য চলবে কি ভীষণ এক রক্তক্ষয়ী যুদ্ধ!
সে যুদ্ধের কাছে ট্রয় কিংবা কুরুক্ষেত্রের যুদ্ধ নিছকই ছেলেমানুষি।
মনে আছে?
সেখানেও জানিস থাকবে ছলনা,
ঠিক যেমনটা করেছিল গ্রীক বীরেরা।
সেখানেও থাকবে প্যারিস-হেলেনের অথবা অর্জুন-দ্রোপদির মতন ভালবাসার দৃষ্টান্ত।
থাকবে একিলিসের মত নিরুপায় মৃত্যু,
থাকবে অভিমন্যুর মত অসহায় বীরত্ব।
মনে আছে?

রক্ত ঝরবে - লাল তাজা রক্ত।
মানুষ মরবে থরে থরে।
কাঁদবি তুই,
যে কিনা কাঁদতে শেখেনি কোনদিনই।
মনে আছে?

দরকার পড়লে বাঁধবে নাহয়  তৃতীয় বিশ্বযুদ্ধটা।
একথাটাও কি আমি বলেছিলাম নাকি তোকে?
মনে আছে তোর?
আমার কিন্তু মনে নেই।






















মন্তব্যসমূহ