অভিশাপগ্রস্ত - শাইয়িন কবির
আচ্ছা দাদা! অভিশাপ বলে কি সত্যিই কিছু হয়?
কেমন একটা ঝটকা খেয়ে বাস্তবে ফিরে আসে মুগ্ধ, হতচকিয়ে মাথা নাড়ে, "হু?"
অভিশাপ জিনিসটা কি ভয়ানক, না?
কিছু বলে না মুগ্ধ, কেবল মাথা নাড়ে...
মুগ্ধের দিকে নজর না দিয়েই গল্প বলতে শুরু করে ফেরদৌস....
অভিশাপের গল্প,
প্রথম যৌবনে যে তরুনীটি তার প্রেমে পড়েছিল তার অভিশাপ,
দিনশেষে বখাটে হওয়ার দায়ে কপালের অভিশাপ,
পথচারী কুকুরের অভিশাপ,
অজস্র মশা মাছির, মানুষ, জীব জড়!
অভিশাপ বলে কি সত্যিই কিছু আছে?
না থাকলে মিললো কেমন করে?
সিগারেট এ একটা বড় টান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে,
ফিল্টারটা এ্যাশট্রেতে গুঁজে হাক দেয় , " মামা! আরো দুটো লীফ দিও তো। আর পেছনের ফ্যানটা...."
কথা শেষ হওয়ার আগেই দোকানদার খিঁচিয়ে ওঠে, "নামাজের সময়, ফ্যান ছাইড়া নবাবজাদাগো সিগারেট খাওয়াইতাছি! নিজেরা তো মুসলিমদের খাতা থিকা বাদ পড়ছেই, এখন....."
গজগজ করতে থাকে দোকানদার। তবে ভ্রুক্ষেপ নেই কারো সেদিকে...
মুগ্ধের আচ্ছন্ন হাতের আচমকা ধাক্কায় এ্যাশট্রে উল্টে ছাই ছড়িয়ে পড়ে টেবিলে,
ফ্যানটা চলতে শুরু করে,
হঠাৎ বাতাসে একরাশ ছাই উড়ে আসে মুগ্ধের চোখে পুরু চশমার কাঁচ ভেদ করে ,
উড়ে আসা ধুসর ছাই এর মাঝখানে সে দেখতে পায় অভিশাপের কালো অধ্যায়....
হায় অভিশাপ!
তাকেও যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে....
#মুগ্ধ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন